সুনীল অর্থনীতি ও বাংলাদেশ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়
সুনীল অর্থনীতি ও বাংলাদেশ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক এই আর্টিকেলে
বাংলাদেশের বিশাল সমুদ্রসীমাকে ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক সম্ভাবনা, সম্পদ
ব্যবস্থাপনার এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বর্তমান বিশ্বে সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে সুনীল অর্থনীতি বা ব্লু
ইকোনমি বলা হয়। বাংলাদেশের জন্য সুনীল অর্থনীতি নতুন কর্মসংস্থান, বৈদেশিক
মুদ্রা অর্জন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি সম্ভাবনাময় ক্ষেত্র
হলেও এটি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে।
পেইজ সূচিপত্রঃ সুনীল অর্থনীতি ও বাংলাদেশ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়
- সুনীল অর্থনীতি ও বাংলাদেশের সমুদ্রসীমা জয়ের পটভূমি
- বাংলাদেশের সুনীল সমুদ্র অঞ্চল (Maritime Zones)
- বঙ্গোপসাগরকে বাংলাদেশের অর্থনৈতিক রত্নভান্ডার বলার কারণ
- সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাময় খাতসমূহ
- বাংলাদেশের সুনীল অর্থনীতির মূল চ্যালেঞ্জসমূহ
- সম্ভাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় করণীয় ও পদক্ষেপ
- সুনীল অর্থনীতি ও বাংলাদেশ: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
- নিজস্ব মতামতঃ সুনীল অর্থনীতি ও বাংলাদেশ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়
সুনীল অর্থনীতি ও বাংলাদেশের সমুদ্রসীমা জয়ের পটভূমি
সুনীল অর্থনীতি (Blue Economy) বলতে সমুদ্র উপকূল ও এর তলদেশের মৎস্য, খনিজ
সম্পদ, তেল, গ্যাস ও পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকে
বুঝায়। অর্থাৎ সমুদ্রনির্ভর অর্থনীতিই হচ্ছে নীল অর্থনীতি। বাংলাদেশের সমুদ্রের
বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন ধরনের সম্পদ কাজে লাগানোর অর্থনীতিকে
বাংলাদেশের সুনীল অর্থনীতি বলা হয়। বেলজিয়ামের অর্থনীতিবিদ গুন্টার পাওলি ১৯৯৪
সালে প্রথম নীল অর্থনীতির ধারনা প্রদান করেন। এক্ষেত্রে টেকসই অর্থনৈতিক
প্রবৃদ্ধি অর্জনের জন্য সামুদ্রিক প্রতিবেশের (Ecosystem) সুরক্ষা নিশ্চিত করতে
হবে। পরিবেশবান্ধব উপায়ে দেশের সমুদ্র সম্পদকে ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশে
জিডিপি (GDP) কে স্থিতিশীল করা সম্ভব হবে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই মায়ানমার ও ভারতের সাথে বঙ্গোপসাগরের ওপর
সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও সমুদ্র সীমানা সংক্রান্ত বিরোধ ছিল। এই বিরোধ নিষ্পত্তির
জন্য ২০০৯ সালে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে (নেদারল্যান্ডসের হেগের সালিসি
আদালত) মামলা করে। ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্র
সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মামলার রায় বাংলাদেশের পক্ষে আসে। এই মামলার
রায়ে আদালতে মোট বিতর্কিত অঞ্চলের মধ্যে বাংলাদেশ বঙ্গোপসাগরে প্রায় ১ লক্ষ ১৮
হাজার ৮ শত ১৩ বর্গকিলোমিটারের বিশাল সামুদ্রিক অঞ্চল অর্জন করে। এছাড়া ২০০
নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল (EEZ) ও ২০০ নটিক্যাল মাইলের বাইরে ১২
নটিক্যাল মাইল আঞ্চলিক জলসীমা এবং উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপান
অর্জন করে।
বাংলাদেশের সুনীল সমুদ্র অঞ্চল (Maritime Zones)
সমুদ্রসীমার অঞ্চল হলো সমুদ্রের সেই সকল অংশ যার উপর উপকূলীয় রাষ্ট্র বা
আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্দিষ্ট অধিকার ও কর্তৃত্ব
প্রয়োগ করতে পারে। জাতিসংঘের সমুদ্র আইন সনদ ১৯৮২ অনুসারে সমুদ্রসীমাকে বিভিন্ন
ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন- রাষ্ট্রীয় জলসীমা, সংলগ্ন অঞ্চল, একচেটিয়া
অর্থনৈতিক অঞ্চল (EEZ), মহীসোপান এবং মুক্ত সাগর। বাংলাদেশের সমুদ্রসীমার ০৪ টি
স্তর হলো-
- রাষ্ট্রীয় জলসীমা (Territorial Waters): বাংলাদেশের রাষ্ট্রীয় জলসীমা ১২ নটিকাল মাইল (২২.২ কিলোমিটার)। নির্ধারিত এই এলাকার জলরাশি, তলদেশ, মাটির নিচের সম্পদ এবং আকাশসীমার ওপর বাংলাদেশ পূর্ণ সার্বভৌম ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রীয় আইন প্রয়োগ করতে পারে।
- সংলগ্ন অঞ্চল (Contiguous Zone): আমাদের সংলগ্ন অঞ্চল ২৪ নটিক্যাল মাইল। সংলগ্ন অঞ্চলে শুল্ক, অভিবাসন ও স্বাস্থ্য আইন কার্যকর করা যায়।
- একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone - EEZ): বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিমি) পর্যন্ত বিস্তৃত সমুদ্র এলাকা। এই এলাকায় বাংলাদেশ মৎস্যসম্পদ ও প্রাকৃতিক খনিজ সম্পদ আহরণ, অনুসন্ধান এবং শক্তি উৎপাদনের মত অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর একচ্ছত্র সার্বভৌম অধিকার ভোগ করে।
- মহীসোপান (Continental Shelf): সমুদ্র উপকূল থেকে শুরু করে সমুদ্রের তলদেশে যেখানে সমুদ্রের তলের ঢাল বৃদ্ধি পায়, তার আগ পর্যন্ত অঞ্চল কে মহীসোপান বলা হয়। এখানে পানির গভীরতা সাধারণত ২০০ মিটার (প্রায় ৬০০ ফুট) পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের মহীসোপান প্রায় ৩৫৪ নটিক্যাল মাইল।
- মুক্ত সাগর: মুক্ত সাগর হলো ২০০ নটিকাল মাইলের বাইরে অবস্থিত সমুদ্র অঞ্চল। যেখানে সকল দেশ নৌ-চলাচল, বিমান চলাচল, বৈজ্ঞানিক গবেষণা ও মৎস্য আহরণ করতে পারে।
আরো পড়ুনঃ ইলিশ মাছের জীবন চক্র
বঙ্গোপসাগরকে বাংলাদেশের অর্থনৈতিক রত্নভান্ডার বলার কারণ
বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর যা দেশের অর্থনীতি, প্রতিরক্ষা,
পরিবেশ এবং জীবনযাত্রার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। বাংলাদেশের অধিকাংশ আমদানি ও
রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর দিয়ে।
বাণিজ্যিক কার্যক্রম ছাড়াও বাংলাদেশের মাছ আহরণ, লবণ উৎপাদন ও
অফশোর (Offshore) গ্যাস উত্তোলনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোও সমুদ্র নির্ভর।
প্রতিরক্ষা ও কৌশলগত দিক থেকেও বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
কেননা বঙ্গোপসাগর না থাকলে বাংলাদেশ স্থলবেষ্টিত রাষ্ট্রে পরিণত হতো এর ফলে
আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণভাবে প্রতিবেশী দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ত।
কক্সবাজার সমুদ্রসৈকত, সেন্টমার্টিন দ্বীপ, কুয়াকাটা, সুন্দরবনের দক্ষিণাংশ,
উপকূলীয় চরাঞ্চল, ইত্যাদি দেশের পর্যটনশিল্পকে সমৃদ্ধ করেছে। এক কথায়
বঙ্গোপসাগরের নীল অর্থনীতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই উন্নয়নে অপার
সম্ভাবনার দ্বার খুলে দেয় বলে বঙ্গোপসাগরকে বাংলাদেশের জন্য একটি কৌশলগত
অর্থনৈতিক রত্নভান্ডার বলা যেতে পারে। তবে এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই
ব্যবহারে সুপরিকল্পিত নীতি ও কার্যক্রম গ্রহণ করা আবশ্যক।
সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাময় খাতসমূহ
সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি কেবল মাছ ধরার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এতে
সামুদ্রিক পর্যটন, নবায়নযোগ্য শক্তি, জাহাজ নির্মাণ, গভীর সমুদ্রে খনিজ সম্পদ
আহরণ এবং সমুদ্র বন্দরকেন্দ্রিক বাণিজ্য অন্তর্ভুক্ত। বাংলাদেশের মতো একটি
ঘনবসতিপূর্ণ এবং সীমিত স্থলসম্পদের দেশের জন্য সমুদ্রের এই বিশাল সম্পদ ভাণ্ডার
ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার মূল চালিকাশক্তি হতে পারে। ২০৪১ সালের মধ্যে উন্নত
রাষ্ট্রে পরিণত হওয়ার যে লক্ষ্য বাংলাদেশের রয়েছে, তা অর্জনে সুনীল অর্থনীতি
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- মৎস্য সম্পদ: বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে প্রায় ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ ও ৩৬ প্রজাতির চিংড়ি রয়েছে। উল্লেখ্যযোগ্য মৎস্য প্রজাতিগুলো হলো-, ইলিশ, রূপচাঁদা, লইট্টা, টুনা, কোরাল, পোয়া, সুরমা, হাঙর, সোর্ডফিশ, অ্যাঞ্জেলফিশ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন প্রজাতির কাকড়া ও অন্যান্য প্রজাতি পাওয়া যায়। এই সকল প্রজাতির টেকসই আহরণ ও সংরক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব।
- সামুদ্রিক শৈবালঃ সমুদ্রের তলদেশের পাথর, কাদা ও শক্ত কাঠামোতে জন্মানো উদ্ভিদকে সামুদ্রিক শৈবাল বলা হয়। ইহা বহুকোষী উদ্ভিদ এবং বাংলাদেশে লাল, বাদামী ও সবুজ এই তিন বর্ণের সামুদ্রিক শৈবাল পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ উপাদান ও আয়োডিন পাওয়া যায়। ইহা সালাদ, সুপ ও শুটকী হিসেবে খাওয়া যায়। বিদেশে সামুদ্রিক শৈবালের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বাংলাদেশের সেন্টমার্টিন ও কক্সবাজার উপকূলের পাশাপাশি সকল উপকূলে সামুদ্রিক শৈবালের চাষ সম্প্রসারণ করলে ভবিষ্যতে এটি একটি মূল্যবান রপ্তানি পণ্য হিসেবে স্বীকৃতি পাবে।
- সমুদ্র তলদেশের খনিজ সম্পদ: বঙ্গোপসাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাস, তেল এবং মূল্যাবান খনিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মূল্যাবাদ খনিজ যেমন- ইলমেনাইট, রুটাইল, জিরকন।
- সমুদ্র নবায়নযোগ্য শক্তির উৎস্য : নবায়নযোগ্য শক্তি হলো প্রাকৃতিক উৎস্য হতে প্রাপ্ত শক্তি যা ব্যবহার করলেও শেষ হয় না। যেমন-জোয়ার-ভাটার ফলে সৃষ্ট সমুদ্রের ঢেউ, বায়ু শক্তি, সৌরশক্তি ইত্যাদি। ভবিষ্যতের টেকসই জ্বালানি নিশ্চিত করতে সমুদ্রের বাতাস (Offshore Wind) এবং ঢেউকে (Wave Energy) কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশে প্রচুর। বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এটি একদিকে যেমন কার্বন নিঃসরণ কমাবে, অন্যদিকে দেশের উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করবে। সুনীল অর্থনীতির এই পরিবেশবান্ধব দিকটি নিয়ে গবেষণার পরিধি আরও বাড়ানো দরকার।
- সমুদ্র কেন্দ্রিক পর্যটন শিল্প: ছোট বড় মিলে বাংলাদেশে ১৯ সমুদ্র সৈকত আছে এর মধ্যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার যার দৈর্ঘ প্রায় ১২০ কি.মি.। এছাড়া সূর্যাদয় ও সূর্যাস্তরে জন্য অতি পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকত এবং প্রবাল দ্বীপের জন্য বিখ্যাত সেন্টমার্টিন। এই সকল সমুদ্র সৈকতকে কেন্দ্র করে বাংলাদেশে ইকো-ট্যুরিজমের বিকাশ করা হলে দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে।
- বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর: বাংলাদেশে ০২ টি প্রধান সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম জেলায় অবস্থিত চট্টগ্রাম বন্দর এবং বাগেরহাট জেলার মংলা বন্দর। এছাড়া পটুয়াখালী জেলায় পায়রা বন্দর রয়েছে। এই তিনটি বন্দর বর্তমানে সক্রিয় আছে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী সমুদ্রবন্দর বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরের তীরে নির্মানাধীন এই সমুদ্র বন্দরটি আঞ্চলিক ও আর্ন্তজাতিক বাণিজ্যের দ্বার উন্মোচন করবে।
- শিপবিল্ডিং বা জাহাজ নির্মাণ এবং শিপব্রেকিং বা জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশের অবস্থান প্রথম। বিশ্বের প্রায় ৬০ ভাগ জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙ্গার কাজ বাংলাদেশে সম্পন্ন হয়। এই শিল্পের মাধ্যমে কর্মসংস্হান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এই শিল্পের মাধ্যমে ব্যাপকভাবে পরিবেশ দূষন হয় তাই বাংলাদেশ পরিবেশ দূষনরোধে আর্ন্তজাতিক পরিবেশগত মানদন্ড মেনে চলার লক্ষ্যে গ্রীণ শিপইয়ার্ড এর দিকে এগিয়ে যাচ্ছে।
- সামুদ্রিক জৈবপ্রযুক্তি পণ্য: সামুদ্রিক জৈবপ্রযুক্তি বিশ্বব্যাপি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে বিশেষ করে টেকসই খাদ্য সরবরাহ, মানব স্বাস্থ্য, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশগত প্রতিকারের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলি মোকাবেলায় সামুদ্রিক জৈব প্রযুক্তির সম্ভাবনা ব্যাপক। সামুদ্রিক উৎস থেকে প্রাপ্ত ব্যাকটেরিয়া ওষুধের একটি সমৃদ্ধ উৎস হতে পারে বিশেষ করে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করে জটিল রোগের চিকিৎসার জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে।
আরো পড়ুনঃ
মধু খাওয়ার নিয়ম ও সময়
বাংলাদেশের সুনীল অর্থনীতির মূল চ্যালেঞ্জসমূহ
সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশের সুনীল অর্থনীতি বেশ কিছু বড় চ্যালেঞ্জের
মুখোমুখি। প্রধান চ্যালেঞ্জগুলো হলো:
- দক্ষ জনবলের অভাব: গভীর সমুদ্রে অনুসন্ধান বা সম্পদ আহরণের জন্য আমাদের প্রয়োজনীয় দক্ষ বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও মেরিন ইঞ্জিনিয়ার নেই।
- প্রযুক্তির ঘাটতি: গভীর সমুদ্র থেকে গ্যাস-তেল বা মাছ আহরণের মতো আধুনিক নৌযান ও উন্নত প্রযুক্তির তীব্র অভাব রয়েছে।
- জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অর্থনীতিকে প্রতিনিয়ত ঝুঁকিতে ফেলছে।
- সামুদ্রিক নিরাপত্তা ও জলদস্যুতা: বিশাল সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং মাছ চুরি রোধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর নজরদারি সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।
- দূষণ: নদীগুলোর মাধ্যমে প্লাস্টিক ও শিল্পবর্জ্য সমুদ্রে গিয়ে পড়ায় সামুদ্রিক বাস্তুতন্ত্র (Ecosystem) মারাত্মক হুমকির মুখে পড়ছে।
সম্ভাবনা বাস্তবায়নে প্রয়োজনীয় করণীয় পদক্ষেপ
সুনীল অর্থনীতির সুফল ঘরে তুলতে হলে বাংলাদেশকে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে
হবে:
১. গবেষণা ও শিক্ষা: দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সুনীল অর্থনীতি, মেরিন বায়োলজি
এবং ওশেনোগ্রাফি (Oceanography) বিষয়ে উচ্চতর গবেষণা বাড়াতে হবে এবং একটি
স্বতন্ত্র 'ব্লু ইকোনমি ইনস্টিটিউট' গড়ে তুলতে হবে।
২. পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP): গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের
জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন কোম্পানির সাথে যৌথ অংশীদারিত্বে কাজ করতে
হবে।
৩. মেরিন স্পেশাল প্ল্যানিং (MSP): সমুদ্রের কোন অঞ্চলে মাছ ধরা হবে, কোথায়
পর্যটন হবে আর কোথায় খনিজ উত্তোলন করা হবে, তার একটি সুনির্দিষ্ট মানচিত্র বা
পরিকল্পনা তৈরি করা জরুরি।
৪. দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা: গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার কেনা বা
সামুদ্রিক শৈবাল চাষের জন্য স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ ও
ট্যাক্স হলিডে দিতে হবে।
সুনীল অর্থনীতি ও বাংলাদেশ: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
প্রশ্ন: সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি বলতে আসলে কী বোঝায়?
উত্তর: সুনীল অর্থনীতি হলো সমুদ্রের সম্পদকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও
টেকসই উপায়ে ব্যবহার করার অর্থনৈতিক ধারণা। এর মূল লক্ষ্য হলো সমুদ্রের পানি,
মৎস্য, খনিজ, এবং উপকূলীয় অঞ্চলকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন,
কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের কোনো ক্ষতি না করে জীবনযাত্রার মান উন্নয়ন
করা।
প্রশ্ন: সমুদ্রসীমা জয়ের পর বাংলাদেশ মোট কতটুকু অর্থনৈতিক অঞ্চল লাভ করেছে?
উত্তর: আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা
বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ বঙ্গোপসাগরে প্রায় ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার
টেরিটোরিয়াল সমুদ্র এবং উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচেটিয়া
অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone - EEZ) লাভ করেছে।
প্রশ্ন: মেরিন স্পেশাল প্ল্যানিং’ (Marine Spatial Planning) কী এবং এটি কেন
প্রয়োজন?
উত্তর: মেরিন স্পেশাল প্ল্যানিং হলো সমুদ্রের একটি নির্দিষ্ট মানচিত্র বা
মহাপরিকল্পনা। সমুদ্রের কোন অংশে মাছ ধরা হবে, কোথায় জাহাজ চলাচল করবে, কোন
এলাকায় পর্যটন শিল্পের বিকাশ ঘটানো হবে এবং কোথায় তেল-গ্যাস অনুসন্ধান করা
হবে—তা এই পরিকল্পনার মাধ্যমে সুনির্দিষ্ট করা হয়। সমুদ্রের সম্পদের
ওভারল্যাপিং বা দ্বন্দ্ব এড়াতে এবং পরিবেশের সুরক্ষায় এটি অত্যন্ত জরুরি।
প্রশ্ন: মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর সুনীল অর্থনীতিতে কী ভূমিকা রাখবে?
উত্তর: মাতারবাড়ী বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর (Deep Sea Port)। এটি
চালু হলে বড় বড় মাদার ভেসেল (বিশাল মালবাহী জাহাজ) সরাসরি বাংলাদেশে ভিড়তে
পারবে। এর ফলে সিঙ্গাপুর বা কলম্বো বন্দরের ওপর নির্ভরতা কমবে, আমদানি-রপ্তানি
খরচ প্রায় ৩০% কমে যাবে এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রধান
'বাণিজ্যিক হাব'-এ পরিণত হবে।
প্রশ্ন: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর কত নম্বরে সুনীল
অর্থনীতির কথা বলা হয়েছে?
উত্তর: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার SDG-14 (Life Below Water) বা
'জলজ জীবন' সূচকে সুনীল অর্থনীতির কথা বলা হয়েছে। যেখানে সমুদ্র ও সামুদ্রিক
সম্পদের টেকসই ব্যবহার এবং সংরক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বাংলাদেশও এই
লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
নিজস্ব মতামতঃ সুনীল অর্থনীতি ও বাংলাদেশ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়
এই আর্টিকেলে সুনীল অর্থনীতি ও বাংলাদেশ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক যে আলোচনা করা হয়েছে তার মূল দর্শনই হলো সম্পদ আহরণ হবে, কিন্তু সমুদ্রের ক্ষতি করে নয়।
অতিরিক্ত মৎস্য নিধন এবং যত্রতত্র সমুদ্র দূষণ বন্ধ করতে না পারলে এই সম্ভাবনা
অল্প দিনেই শেষ হয়ে যাবে। তাই টেকসই সমুদ্র ব্যবস্থাপনা (Sustainable Ocean
Management) নিশ্চিত করতে হবে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন
লক্ষ্যমাত্রা (SDG-14: জলজ জীবন) অর্জন এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ রূপকল্প
বাস্তবায়নে সুনীল অর্থনীতি হবে আমাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। সঠিক রাজনৈতিক
সদিচ্ছা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বঙ্গোপসাগরকে বাংলাদেশের
অর্থনৈতিক মুক্তির নতুন দিগন্ত হিসেবে রূপান্তর করা সময়ের দাবি।


অনুগ্রহ করে Smartclicker24-এর নীতিমালা অনুযায়ী মন্তব্য করুন। সকল মন্তব্য পর্যালোচনা করা হয়
comment url